যুদ্ধ শুরুর আগের অবস্থায় আর ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি, এমন মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। ইরানের মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
ইরানের পার্লামেন্টে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় নিকজাদ বলেন, যুদ্ধ চলাকালেই ইরান আগ্রাসী পক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে হরমুজ প্রণালি যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরে যাবে না।
তিনি বলেন, ইরান এ বিষয়ে বারবার সতর্ক করলেও প্রতিপক্ষ বিষয়টি উপেক্ষা করার চেষ্টা করেছে। তবে সময়ের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বুঝতে পেরেছে যে হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি সামরিক শক্তি প্রয়োগ করে সমাধান করা সম্ভব নয়।
নিকজাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন ইরানের সশস্ত্র বাহিনীর শক্ত অবস্থানের কারণে উপলব্ধি করেছে যে প্রণালি খুলতে হলে তাদের অঞ্চলটিতে প্রতিষ্ঠিত নতুন ব্যবস্থার কাছে নতি স্বীকার করতে হবে।
তবে তিনি বলেন, হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনার পাশাপাশি ইরানের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে দেশের অর্থনৈতিক সমস্যাগুলো কমিয়ে আনা।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। ইরান সাম্প্রতিক সময়ে বারবার জানিয়েছে, প্রণালিটি পুনরায় চালু হলেও তা আগের ব্যবস্থায় ফিরবে না এবং এর জন্য নতুন শর্ত ও ব্যবস্থা কার্যকর করতে হবে। সূত্র: আলজাজিরা
ইরানে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে মোহসেন রেজাই
ইরান-পাকিস্তান সম্পর্ক আগের চেয়েও গুরুত্বপূর্ণ: তেহরান
মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার মূল কারণ যুক্তরাষ্ট্র: ইরান