ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি, নিহত দুজন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় তারা নিহত হন।
এ ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ইরানে প্রবেশ করে সিস্তান ও বেলুচিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়েছে।
তবে নিহত ও গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়, তাদের কথিত গোয়েন্দা-সংশ্লিষ্টতার প্রমাণ বা সংঘর্ষের বিস্তারিত বিষয়ে ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য দেয়নি। সূত্র: আলজাজিরা