ইরানের সাম্প্রতিক পরিস্থিতি, চলমান গুরুত্বপূর্ণ ইস্যু ও দেশের বিভিন্ন খাতের অগ্রাধিকার নিয়ে বৈঠক করেছেন দেশটির শীর্ষ তিন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান। বৈঠকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই অংশ নেন।
শনিবার (১৫ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে দেশের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন খাতে চলমান গুরুত্বপূর্ণ বিষয় ও অগ্রাধিকার নিয়ে আলোচনা হয় বলে মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।
বৈঠকে দেশের কার্যক্রম এগিয়ে নিতে তিনটি সাংবিধানিক শাখার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে সমন্বিত ও অভিন্ন নীতি গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
দেশের জনস্বার্থ সুরক্ষা এবং চলমান বিষয়গুলো মোকাবিলায় তিন শাখার মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপরও জোর দেন নেতারা। তবে বৈঠকে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত, নতুন নীতি বা কোনো বিশেষ ইস্যুতে বিস্তারিত পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি