ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ চান ট্রাম্পের দলছুট ভোটারদের অধিকাংশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন, কিন্তু ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পাশ থেকে সরে গেছেন এমন ভোটারদের বড় অংশ ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা কমানো বা বন্ধ করার পক্ষে। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ইউগভের (YouGov) জরিপে দেখা গেছে, এসব ভোটারের ৫৯ শতাংশ ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমানো বা পুরোপুরি বন্ধ করার পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে ৫৬ শতাংশ ইসরায়েলে বোমা সরবরাহ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন।

গত ৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে ভোট দেওয়া ৬৩৬ জনের মধ্যে এ জরিপ পরিচালনা করা হয়। তাঁরা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট দেননি অথবা অন্তত একটি কেন্দ্রীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর পরিবর্তে অন্য প্রার্থীকে ভোট দিয়েছেন। জরিপে ভুলের সম্ভাব্য সীমা ৪ দশমিক ৩ শতাংশ পয়েন্ট।

জরিপে অংশগ্রহণকারীদের ৩৩ শতাংশ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক অর্থায়ন সম্পূর্ণ বন্ধ করার পক্ষে মত দিয়েছেন। ২০ শতাংশ বর্তমান সহায়তা অব্যাহত রাখার পক্ষে এবং মাত্র ৫ শতাংশ সহায়তা বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

ইসরায়েলে বোমা সরবরাহ বন্ধে মার্কিন সিনেটে নেওয়া উদ্যোগগুলোর প্রতিও সমর্থন রয়েছে ৫৬ শতাংশ উত্তরদাতার। এর বিপরীতে ২৪ শতাংশ এসব উদ্যোগের বিরোধিতা করেছেন।

এ ছাড়া ইসরায়েলকে প্রতিবছর মার্কিন করদাতাদের অর্থ থেকে দেওয়া ৩৩০ কোটি ডলারের সহায়তা বন্ধের উদ্যোগকে সমর্থন করেছেন ৫৯ শতাংশ। ২৫ শতাংশ এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করেছেন।

ট্রাম্পের ইসরায়েলনীতি নিয়েও অসন্তোষের চিত্র পাওয়া গেছে জরিপে। ৪২ শতাংশ উত্তরদাতা মনে করেন, ট্রাম্প ইসরায়েলকে প্রয়োজনের তুলনায় বেশি সমর্থন দিয়েছেন। বিপরীতে মাত্র ১২ শতাংশের মতে, তিনি ইসরায়েলকে যথেষ্ট সমর্থন দেননি।

এর আগে ২০২৪ সালের নির্বাচনের পর ইউগভের আরেক জরিপে দেখা গিয়েছিল, ২০২০ সালে জো বাইডেনকে ভোট দেওয়া কিন্তু পরে ডেমোক্র্যাটদের সমর্থন থেকে সরে আসা ভোটারদের ৫৩ শতাংশ মনে করেন, বাইডেন ইসরায়েলকে অতিরিক্ত সমর্থন দিয়েছিলেন। মাত্র ৬ শতাংশ মনে করেন, বাইডেনের সমর্থন যথেষ্ট ছিল না।

ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ

জরিপে ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ ও অভ্যন্তরীণ রাজনীতিতে এর প্রভাব সম্পর্কেও ভোটারদের মতামত নেওয়া হয়।

এতে ৪৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের তুলনায় ইসরায়েল বেশি লাভবান হয়েছে। বিপরীতে ২০ শতাংশের ধারণা, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য বেশি সুবিধা বয়ে এনেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বর্তমান সম্পর্কের ক্ষেত্রেও একই ধরনের মনোভাব দেখা গেছে। ৫৮ শতাংশ মনে করেন, এ সম্পর্ক থেকে যুক্তরাষ্ট্রের চেয়ে ইসরায়েল বেশি লাভবান হচ্ছে। মাত্র ১৪ শতাংশের মতে, ওয়াশিংটন বেশি সুবিধা পাচ্ছে।

রিপাবলিকানদের কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পেছনে কোন বিষয়গুলো বেশি ভূমিকা রেখেছে, সে প্রশ্নে ৫২ শতাংশ উত্তরদাতা ইরান যুদ্ধের কথা উল্লেখ করেছেন। ৫৬ শতাংশের মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। তালিকায় ট্রাম্পের ইসরায়েল-সমর্থনকে কারণ হিসেবে উল্লেখ করেছেন ১৯ শতাংশ।

যেসব ভোটার রিপাবলিকানদের ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে অর্থনীতিকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখিয়েছেন, তাঁদের ৬৬ শতাংশ মনে করেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে।

ইসরায়েল ইস্যুতে ভোটের সিদ্ধান্তে প্রভাব

ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ভোট দেওয়ার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা উত্তরদাতাদের মধ্যে ইসরায়েলকে মার্কিন সহায়তা কমানোর পক্ষে সমর্থন আরও বেশি।

এই গোষ্ঠীর ৭৮ শতাংশ ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সমর্থন কমানোর পক্ষে মত দিয়েছেন। ১২ শতাংশ বর্তমান সহায়তা বজায় রাখার পক্ষে এবং ৫ শতাংশ সহায়তা বাড়ানোর পক্ষে।

অন্যদিকে, যাঁরা ইরান যুদ্ধকে ভোটের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখেছেন, তাঁদের ৯০ শতাংশই যুদ্ধের বিরোধিতা করেছেন।

জরিপের ফলাফল থেকে বোঝা যায়, ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী জোটের একটি অংশের মধ্যে ইসরায়েলনীতি ও ইরান যুদ্ধ নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে সামরিক সহায়তা, অস্ত্র সরবরাহ এবং যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে তাঁদের আপত্তি স্পষ্ট। তবে এই জরিপের ফলাফলকে সব ট্রাম্প-সমর্থক বা যুক্তরাষ্ট্রের সামগ্রিক জনমতের প্রতিফলন হিসেবে বিবেচনা করা যাবে না।

এসজেড
আরও পড়ুন