ইসরায়েলের সঙ্গে বিশেষ কোনো নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের খবর পুরোপুরি অস্বীকার করেছে সিরিয়া।
ইদলিবের আবু আল-দুহুর সামরিক বিমানবন্দরে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার পর আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনৈতিক সূত্র ইসরায়েলের এই দাবিকে ভিত্তিহীন বলে অবহিত করেন।
কূটনৈতিক সূত্র জানায়, সামরিক ওই ঘাঁটিতে কোনো বিদেশী বাহিনীর উপস্থিতি নেই- এমন তথ্য আগে থেকেই জানা থাকা সত্ত্বেও ইসরায়েল সেখানে হামলা চালিয়েছে। তবে ঠিক কোন মাধ্যমে বা কখন ইসরায়েলকে এই বার্তা দেওয়া হয়েছিল, তা খোলসা করা হয়নি।
সিরিয়ার প্রতিনিধি স্পষ্ট জানান, সিরিয়ার বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান পুনর্গঠনে বাধা সৃষ্টি করে—এমন কোনো চুক্তিতে দেশ আবদ্ধ হতে পারে না।
তিনি আরও যোগ করেন, আঞ্চলিক স্থিতিশীলতা শক্তিশালী করতে সিরিয়ার যে ভূমিকা রয়েছে, তা সীমাবদ্ধ করে এমন কোনো শর্ত মেনে নেওয়া সম্ভব নয়।
এর আগে ইদলিবের বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার কড়া নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি পাঠায় দামেস্ক। সেখানে সিরীয় ভূখণ্ড থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
এদিকে ইসরায়েল উক্ত হামলার দায় স্বীকার করে দাবি করেছে, ওই সামরিক বিমানবন্দরে তুরস্ক তাদের সামরিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছিল- এমন তথ্যের ভিত্তিতেই তারা বিমান হামলাটি পরিচালনা করেছে।