ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বিদেশি শক্তিগুলোর প্রভাব দ্রুত কমে আসছে। তার ভাষ্য, এই বাস্তবতায় অঞ্চল থেকে সম্মানজনকভাবে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের সাবেক কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলেইমানির কথা স্মরণ করেন।
তিনি লেখেন, প্রিয় আবু মাহদি ও হাজ কাসেম, এটি তোমাদের সংগ্রাম ও তোমাদের পবিত্র রক্তের ফল।
২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলেইমানি ও আল-মুহান্দিস। ওই হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে।
গালিবাফ বলেন, নতুন আঞ্চলিক ব্যবস্থায় দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ দ্রুত কমছে। তার দাবি, এই পরিবর্তনের মধ্যেই যুক্তরাষ্ট্র অঞ্চল থেকে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে।
একই সঙ্গে ইসরায়েলের আঞ্চলিক লক্ষ্য নিয়েও মন্তব্য করেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা। তার ভাষায়, নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েলি প্রকল্প এখন কেবলই একটি অলীক স্বপ্নে পরিণত হয়েছে। সূত্র: আলজাজিরা