যুক্তরাষ্ট্র আচরণ না বদলালে হরমুজ বন্ধই থাকবে: রেজাই

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান ও আচরণ পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। শনিবার (২২ আগস্ট) ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক অবরোধে কোনো দেশ অংশ নিলে তাদেরও পরিণতি ভোগ করতে হবে। অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর থেকে কোনো পথেই এক ফোঁটা তেল বের হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, এখনো ইরান মার্কিন অর্থনৈতিক স্বার্থে আঘাত করেনি। তবে যুক্তরাষ্ট্রের বৈরী পদক্ষেপ অব্যাহত থাকলে সেই বিকল্প ইরানের হাতে রয়েছে।

রেজাইর ভাষায়, যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন করে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।

এর আগে ১৮ আগস্টও ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সমঝোতার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। ওই শর্তগুলোর মধ্যে ইরানের ওপর অবরোধ প্রত্যাহার, স্থগিত তহবিল ছাড় এবং সামরিক হুমকি ও অভিযান বন্ধের বিষয় ছিল।

তবে হরমুজের বাস্তব নৌ চলাচলের পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী তথ্যও পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক কিছু প্রতিবেদনে মার্কিন-সমর্থিত বিকল্প নৌপথ ব্যবহার করে জাহাজ চলাচল বাড়ার কথা বলা হয়েছে। ফলে ইরানের রাজনৈতিক ঘোষণা এবং প্রণালিটির বাস্তব জাহাজ চলাচলের পরিস্থিতিকে একই বিষয় হিসেবে দেখা যাচ্ছে না। সূত্র: মেহর নিউজ এজেন্সি