'সর্বশক্তি দিয়ে সশস্ত্র বাহিনীর পাশে আছে ইরান সরকার'

ইরানের সশস্ত্র বাহিনীর পাশে সরকার সব শক্তি নিয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক বাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি। তাঁর ভাষ্য, দেশের প্রতিরক্ষা চাহিদা পূরণ ও সামরিক বাহিনীর বিভিন্ন মিশনে সহায়তার পাশাপাশি সংকটের মধ্যেও জনগণের সেবা অব্যাহত রেখেছে সরকার।

সরকার সপ্তাহ উপলক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে দেওয়া এক অভিনন্দনবার্তায় সাইয়্যারি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর পাশে সরকার তার সামর্থ্য ও শক্তি দিয়ে কাজ করে যাচ্ছে।

সাইয়্যারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ওপর চাপিয়ে দেওয়া দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধ দেশটির জনগণের জন্য বড় পরীক্ষার সময় ছিল। ওই সময়ে সরকার ও রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইরানকে রক্ষায় কাজ করেছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে চালানো যুদ্ধে সরকারের দুই সদস্যের মৃত্যু আত্মত্যাগের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে। নিহতদের মধ্যে সাবেক প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহ এবং সাবেক গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইসমাইল খতিব রয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

সাইয়্যারির মতে, তাদের মৃত্যু দেখিয়েছে, ইরানে সংকটের সময়ে সরকারি দায়িত্ব পালন করা এবং যুদ্ধক্ষেত্রে আত্মত্যাগের মধ্যে কোনো দূরত্ব নেই।

তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতেও সরকার সশস্ত্র বাহিনীর সঙ্গে সর্বশক্তি দিয়ে কাজ করছে। প্রতিরক্ষা প্রয়োজন মেটানো, সামরিক বাহিনীর বিভিন্ন দায়িত্ব পালনে সহায়তা এবং একই সঙ্গে জনগণের সেবা চালিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।

সরকার, সশস্ত্র বাহিনী ও ইরানি জনগণের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়ে সাইয়্যারি বলেন, সৃষ্টিকর্তার ওপর আস্থা রেখে এই ঐক্য ও সংহতির ভিত্তিতেই ইরান সম্মান ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি