দুঃসাহসিক অভিযানের পরীক্ষাগার নয় ইরান: আমির হাতামি

ইরান কোনো শত্রুর ষড়যন্ত্র কিংবা দুঃসাহসিক অভিযানের পরীক্ষাগার নয়। দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আমির হাতামি।

সোমবার (২৪ আগস্ট) দেশটির পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। হাতামি বলেন, শত্রুরা নিজেদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হলেও ইরানের বিরুদ্ধে নতুন হুমকি ও ষড়যন্ত্রের পরিকল্পনা থামায়নি। তাই সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যুদ্ধ এখন আর শুধু অস্ত্র ও সামরিক সরঞ্জামের ব্যবহারে সীমাবদ্ধ নেই। বর্তমান যুদ্ধ মূলত ইচ্ছাশক্তি, চিন্তাধারা ও জাতির প্রতিরোধ সক্ষমতার লড়াই। এ কারণে শত্রুর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি তৎপরতার ওপর ইরান নিয়মিত নজর রাখছে।

সেনাপ্রধান জানান, সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা জোরদার, জ্ঞান ও আধ্যাত্মিক উৎকর্ষ বাড়ানো এবং সদস্যদের জীবনযাত্রার মান উন্নয়ন, এই চারটি বিষয়কে সেনাবাহিনীর প্রস্তুতির মূল কৌশল হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বাস, অভিজ্ঞতা ও প্রস্তুতির পাশাপাশি ইরানের জনগণের দৃঢ় সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের ধ্বংসাত্বক জবাব দেবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি