চলমান যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে মুসলিম দেশগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা ও ঐক্য জোরদার করা গেলে পশ্চিম এশিয়ায় নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সহজ হবে।
তেহরানে মঙ্গলবার ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জায়েদান ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এ আহ্বান জানান। তাঁর মতে, মুসলিম দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন।
এদিকে বৃহস্পতিবার তেহরানে ৪০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন শুরু হয়েছে। এতে প্রায় ৪০টি দেশের শত শত ইসলামি চিন্তাবিদ ও আলেম অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল আলোচনাতেও মুসলিম বিশ্বের ঐক্য ও সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
পেজেশকিয়ানের এই আহ্বান এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতের পাশাপাশি দেশটির ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ তৈরি হয়েছে। ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যকে আরও চাপে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে পেজেশকিয়ান চলমান ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতির অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পক্ষেও মত দিয়েছেন। তিনি বলেছিলেন, বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।