ইরান বর্তমানে পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধের মধ্যে রয়েছে এবং এই যুদ্ধেও শত্রুকে নিশ্চিতভাবে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সরকারি সপ্তাহ উপলক্ষে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, যুদ্ধ ইরানের অর্থনীতিতে নানা ধরনের প্রভাব ফেলেছে এবং শত্রুপক্ষ ইরানের জনগণের ওপর চাপ বাড়াতে তাদের সব সক্ষমতা কাজে লাগাচ্ছে। এমন পরিস্থিতিতেও সরকারের নির্বাহী কর্মকর্তারা দেশ পরিচালনা ও বিদ্যমান দুর্বলতা কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন।
তিনি বলেন, জাতীয় ঐক্য, সংহতি এবং সরকারি কর্মকর্তাদের ওপর আস্থা রাখার বিষয়ে সর্বোচ্চ নেতার দেওয়া নির্দেশনা মেনে চলাই বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ইসলামি প্রজাতন্ত্রের অবস্থান শক্তিশালী করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তা।
গালিবাফ বলেন, বর্তমান সংকটময় সময়ে ইসলামি বিপ্লবের মূল্যবোধ রক্ষার পাশাপাশি সরকারকে জনগণের জীবনযাত্রা, ক্রয়ক্ষমতা, তরুণদের কর্মসংস্থান এবং অর্থনৈতিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর থেকে চাপ কমাতে হবে।
তিনি বলেন, দেশ এখন পূর্ণাঙ্গ অর্থনৈতিক যুদ্ধের মধ্যে রয়েছে। জনগণ, বেসরকারি খাতের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং রাষ্ট্রের সব অংশের সক্ষমতাকে কাজে লাগিয়ে এই ক্ষেত্রেও শত্রুকে পরাজিত করা হবে।
গালিবাফ আরও বলেন, শিগগিরই অর্থনৈতিক ক্ষেত্রে শত্রুর মনস্তাত্ত্বিক প্রচারণার অসারতা প্রমাণিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি