ফিলিস্তিনি শিশু হিন্দ রাজাবের স্মরণে জার্মানির রাজধানী বার্লিনে একটি গুলিবিদ্ধ গাড়ি প্রদর্শন করা হয়েছে। গাজায় হিন্দ রাজাবের পরিবারের ব্যবহৃত গাড়ির ঘটনাকে স্মরণ করতেই প্রতীকীভাবে গাড়িটি প্রদর্শনীতে রাখা হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রদর্শিত গাড়িটিতে ৩৩৫টি গুলির চিহ্ন রয়েছে। ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত গাড়িটি প্রদর্শনের মাধ্যমে হিন্দ রাজাব ও তার পরিবারের মৃত্যুর ঘটনা স্মরণ করার পাশাপাশি গাজায় চলমান সংঘাতে বেসামরিক মানুষের ওপর যুদ্ধের ভয়াবহ প্রভাবও তুলে ধরা হয়েছে।
২০২৪ সালের জানুয়ারিতে গাজা সিটির তেল আল-হাওয়া এলাকা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে গাড়িতে করে অন্যত্র যাওয়ার সময় হামলার শিকার হয় হিন্দ রাজাবের পরিবারের গাড়িটি। হামলায় পরিবারের অন্য সদস্যরা নিহত হওয়ার পর গাড়ির ভেতরে আটকা পড়ে হিন্দ। পরে জরুরি সহায়তার জন্য সে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের সঙ্গে ফোনে যোগাযোগ করে।
ফরেনসিক আর্কিটেকচারের একটি তদন্তে বলা হয়েছে, গাড়িটিকে লক্ষ্য করে মোট ৩৩৫টি গুলি ছোড়া হয়েছিল। ঘটনার কয়েক দিন পর গাড়িটির ভেতর হিন্দ রাজাব ও তার পরিবারের সদস্যদের মরদেহ পাওয়া যায়। তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যাওয়া দুই প্যারামেডিকও পরে নিহত হন।
হিন্দ রাজাবের মৃত্যুর ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে গাড়ির ভেতর আটকা অবস্থায় জরুরি সহায়তার জন্য তার ফোনে যোগাযোগের বিষয়টি মানুষের মধ্যে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে।
বার্লিনে গুলিবিদ্ধ গাড়িটি প্রদর্শনের মধ্য দিয়ে সেই ঘটনাটি আবারও জনসমক্ষে উঠে এসেছে। আয়োজকদের কাছে এটি শুধু একটি ধ্বংসপ্রাপ্ত গাড়ি নয়; গাজা যুদ্ধে নিহত বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের স্মরণে এটি একটি প্রতীকী স্মারক।