ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, নিহত ৪, আহত অর্ধশতাধিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ধ্বংসাবশেষ আঘাত হানায় চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের রেড ক্রিসেন্ট।

মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, সিরিক কাউন্টির বান্দার কুহেস্তাক শহরে একটি আবাসিক ভবনে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষ ভবনটিতে আঘাত হানে। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

ইরানের একটি সরকারি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসাবশেষ ও ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ভিডিওতে আহতদের আর্তচিৎকারও শোনা যায় বলে দাবি করা হয়েছে।

এর আগে হরমোজগান প্রদেশের উপ-গভর্নর আহমাদ নাফিসি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছিলেন, হামলায় দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে রেড ক্রিসেন্ট নিহতের সংখ্যা চারজন বলে জানায়।

কুহেস্তাক শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থিত। তবে সিরিক কাউন্টিতে মার্কিন হামলার সুনির্দিষ্ট লক্ষ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

সূত্র: আরব নিউজ