আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায়  লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি জরুরি:  খতিবজাদেহ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পিএম

আঞ্চলিক যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ। তিনি বলেছেন, অঞ্চলের যেকোনো অংশে লড়াই অব্যাহত থাকলে পুরো অঞ্চলজুড়েই যুদ্ধ চলতে থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) লেবাননের টেলিভিশন নেটওয়ার্ক আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন খতিবজাদেহ। লেবাননের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বুধবার বৈরুতে পৌঁছান তিনি। তাঁর ভাষ্য, ইসরায়েলের লেবাননবিরোধী যুদ্ধ বন্ধ করা ইরানের অঙ্গীকারের অংশ এবং গত জুনের মাঝামাঝি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকে এ লক্ষ্য নিশ্চিত করা হয়েছিল।

খতিবজাদেহ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় লেবানন ছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। বৈরুত সফরের সময় দুই পক্ষের অবস্থানের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

সফরে লেবাননের কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। এসব আলোচনাকে ‘ভালো’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি, প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে।

খতিবজাদেহর বক্তব্যে আঞ্চলিক সংঘাতের স্থায়ী অবসানের জন্য বিচ্ছিন্নভাবে কোনো একটি ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার পরিবর্তে সব ফ্রন্টে একযোগে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর ইরানের অবস্থান উঠে এসেছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত