ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে সরকার ও সশস্ত্র বাহিনীর সমর্থকদের একটি সমাবেশে দ্রুতগতির একটি গাড়ি ঢুকে পড়ায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
ইরানি সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, রাতের দিকে মাশহাদের একটি এলাকায় সরকার ও দেশটির সশস্ত্র বাহিনীর সমর্থনে আয়োজিত একটি জমায়েতে এ ঘটনা ঘটে। রাযাভি খোরাসান প্রদেশের ট্রাফিক পুলিশের প্রধান মোহসেন মুসা-আবাদির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গাড়িটি প্রথমে একটি অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এরপর চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। পরে সড়কের নিরাপত্তাবেষ্টনী ও ট্রাফিক নির্দেশনা চিহ্নে ধাক্কা দেওয়ার পর গাড়িটি সমাবেশে থাকা মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর গাড়িচালককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ঘটনার সময় চালক ‘স্বাভাবিক অবস্থায়’ ছিলেন না। তবে তার শারীরিক বা মানসিক অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনাটিকে এখন পর্যন্ত দুর্ঘটনা হিসেবেই দেখছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল—এমন কোনো প্রাথমিক তথ্য পাওয়া যায়নি।
ইরানে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই মাশহাদের এই ঘটনা ঘটল। তবে কর্তৃপক্ষের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, এ ঘটনায় কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা পরিকল্পিত হামলার প্রমাণ এখনো পাওয়া যায়নি।
নিহত ও আহতদের পরিচয় এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ নিয়ে তদন্ত চলছে।
সূত্র: আল জাজিরা