সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ বন্ধুর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

কক্সবাজারে বেড়ানো শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ফিরোজ আহমেদ (২৩) ও মাহী পাটোয়ারী (২৪) নামের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (২ সেপ্টেম্বর) কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাহী পাটোয়ারী কচুয়া উপজেলার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে। ফিরোজ আহমেদ একই গ্রামের মনির হোসেনের ছেলে। ছোটবেলা থেকে তারা একসঙ্গে বেড়ে উঠেছেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুই বন্ধু মোটরসাইকেলে করে সাজেক ও কক্সবাজার ঘুরতে যান। ভ্রমণ শেষে গতকাল ভোরে কক্সবাজার থেকে কচুয়ার উদ্দেশে রওনা হন। পথে তাঁরা সড়ক দুর্ঘটনায় মারা যান।

নিহত দুজনের পরিবার সূত্রে জানা যায়, মাহী পাটোয়ারী চার ভাইবোনের মধ্যে সবার ছোট। তার দুই মাস পর ইতালি যাওয়ার কথা ছিল। আর পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় ফিরোজ আহমেদের ৩০ সেপ্টেম্বর কাতার যাওয়ার কথা ছিল।

মাহীর বাবা মিজানুর রহমান পাটোয়ারী আক্ষেপ করে বলেন, ছোটবেলা থেকেই তার ছেলে ও ফিরোজ একসঙ্গে বড় হয়েছে। মারাও গেল একসঙ্গে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এমইউ
আরও পড়ুন