হরমুজে মাইন বিস্ফোরণে দুই জাহাজে আগুন

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বুধবার (২ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, ইরানি বাহিনীর নির্ধারিত নৌপথের বাইরে দিয়ে চলাচলের সময় জাহাজ দুটি মাইনে আঘাত করে। 

আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আহ্বানে জাহাজ দুটি হরমুজ প্রণালির একটি কথিত অবৈধ রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় সাগরে পাতা মাইনে আঘাত লাগার পর বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

ইরানি বাহিনী আরও জানিয়েছে, বিস্ফোরণের পর বর্তমানে জাহাজ দুটি আগুনে জ্বলছে। তবে তাৎক্ষণিকভাবে জাহাজ দুটির নাম, পতাকাবাহী দেশ বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যেই সর্বশেষ এই ঘটনা ঘটল। গত কয়েক দিনেও প্রণালিতে তেলবাহী জাহাজকে ঘিরে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইরান সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিজস্ব নির্ধারিত রুট ব্যবহারের ওপর জোর দিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাণিজ্যিক জাহাজকে নিরাপদে প্রণালি পারাপারে সহায়তা ও সামরিক পাহারা দেওয়ার কথা জানিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল ঘিরে ঝুঁকি আরও বেড়েছে। সূত্র: ডন