কুয়েত-আমিরাতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও হামলার হুমকির মধ্যেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আহমদ আল-জাবের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা, সরঞ্জাম সংরক্ষণাগার ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর অবস্থান ও রাডারব্যবস্থাও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। ইরান এর আগে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোকে সম্ভাব্য পাল্টা হামলার লক্ষ্য হিসেবে সতর্ক করে আসছিল।

তবে ইরানের হামলার দাবির বিপরীতে কুয়েতের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করেছে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এরপর ইরান জর্ডান, বাহরাইন, কুয়েত ও ইরাকে মার্কিন অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে। সূত্র: ডন