হুথিদের তিন ড্রোন ভূপাতিত করলো ইয়েমেনি সেনাবাহিনী

ইয়েমেনের তায়েজ প্রদেশে তিনটি হুথি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, তায়েজের জাবাল হাবাশি জেলায় হুথিদের তিনটি ড্রোন ভূপাতিত করে ইয়েমেনি সেনাবাহিনী। একই সময়ে তায়েজ শহরের পশ্চিমে আল-বারাহ ফ্রন্টে হুথি যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র সংঘর্ষ চলছে বলেও জানিয়েছে সাবা।

তবে ড্রোনগুলো কীভাবে ভূপাতিত করা হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তায়েজ ইয়েমেনের চলমান সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। প্রদেশটির বিভিন্ন এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছে। সূত্র: আলজাজিরা