যুদ্ধের মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর: এলহামি

সাম্প্রতিক সামরিক সংঘাতের মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি, মোতায়েন ও কার্যকর করেছে ইরান। দেশটির যৌথ আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তেহরানে জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যে এলহামি বলেন, যুদ্ধের মধ্যেই ইরানের সামরিক বাহিনী নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন করেছে। এসব ব্যবস্থা ব্যবহার করে শত্রুপক্ষের যুদ্ধবিমান ধ্বংস করতেও সক্ষম হয়েছে ইরানের বাহিনী।

তিনি বলেন, সংঘাতের সময় দেশীয় সক্ষমতার ওপর পুরোপুরি নির্ভর করে ইরানের প্রতিরক্ষা খাত আকাশযুদ্ধ মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করেছে। শত্রুপক্ষের উন্নত প্রযুক্তি থাকলেও তা ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের বিরুদ্ধে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলেও দাবি করেন তিনি।

ইরানের আকাশ প্রতিরক্ষার অস্ত্র ও সরঞ্জাম উৎপাদন এবং সরবরাহে দেশটি এখন পুরোপুরি স্বনির্ভর বলেও জানান এলহামি। সামরিক বিজ্ঞানী, প্রতিরক্ষা শিল্প, দেশীয় বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দক্ষতা কাজে লাগিয়ে এসব ব্যবস্থা তৈরি করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের জাতীয় প্রতিরোধক্ষমতা ও সামরিক শক্তির ভিত্তি হিসেবে তিনটি বিষয়কে গুরুত্ব দেন এলহামি, দৃঢ় নেতৃত্ব, জনগণের শক্তিশালী সমর্থন এবং সম্পূর্ণ দেশীয় সামরিক সরঞ্জাম।

তিনি বলেন, সাম্প্রতিক সংঘাত ইরানের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার কার্যকারিতা প্রমাণ করেছে এবং দেশটি ভবিষ্যতের যেকোনো হুমকি মোকাবিলায় এই সক্ষমতা আরও জোরদার করবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি