যুক্তরাষ্ট্র ব্যর্থ: আকরামিনিয়া

ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে এবং তাদের ঘোষিত কোনো লক্ষ্যই অর্জিত হয়নি বলে দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মাশহাদে এক স্থানীয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সক্ষমতা সম্পর্কে একের পর এক ভুল হিসাব করেই যুদ্ধে নেমেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আকরামিনিয়ার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস, সরকার উৎখাত এবং দেশটিকে বিভক্ত করা, এসব ছিল হামলাকারীদের অন্যতম প্রধান লক্ষ্য। কিন্তু তাদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি।

ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, যুদ্ধ শুরুর আগে হামলাকারীরা ইরানের জনগণ ও দেশটির সামরিক সক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা করতে ব্যর্থ হয়েছিল। একই সঙ্গে ইরানের রাজনৈতিক কাঠামো এবং হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণ সক্ষমতা সম্পর্কেও তাদের ভুল হিসাব ছিল।

ন্যাটোর সদস্য এবং যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি যোগ না দেওয়াকেও বড় ভুল হিসাব হিসেবে উল্লেখ করেন আকরামিনিয়া।

তিনি বলেন, ইচ্ছাশক্তির লড়াইয়ে শত্রুপক্ষ দুর্বল। বিপরীতে ইরানি জনগণের দৃঢ় সংকল্প রয়েছে।

ইরানের প্রতিরোধ সক্ষমতার পেছনে ধর্মীয় বিশ্বাস, দৃঢ় সংকল্প এবং অতীত যুদ্ধের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও দাবি করেন তিনি। এসব কারণে সাম্প্রতিক আগ্রাসন মোকাবিলায় ইরানের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র। সূত্র: মেহর নিউজ এজেন্সি