ইরান ভেতর থেকেই ক্ষয়ে যেতে পারে: তেহরানের মেয়র

মার্কিন চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ নয়, দেশের অভ্যন্তরীণ দুর্বলতাগুলোও দূর করতে হবে বলে মন্তব্য করেছেন তেহরানের মেয়র আলিরেজা জাকানি। তা না হলে ইরান ভেতর থেকেই ক্ষয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

রক্ষণশীল রাজনীতিক হিসেবে পরিচিত জাকানি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ছাড় দেওয়া, অভ্যন্তরীণ সমস্যার দিকে নজর না দিয়ে শুধু প্রতিরোধ চালিয়ে যাওয়া এবং প্রতিরোধের পাশাপাশি দেশের ভেতরে সংস্কার আনা, ইরানে বর্তমানে এই তিন ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড-সংশ্লিষ্ট তাসনিম নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, জাকানি বলেন, প্রতিরোধের অর্থ দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো উপেক্ষা করা নয়। শত্রুর বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি দেশের ভেতরে সংস্কার করে শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় ইরানের ভবিষ্যৎ শুধু বাহ্যিক প্রতিরোধের ওপর নির্ভর করছে না; দেশের অভ্যন্তরীণ সক্ষমতা ও দুর্বলতা মোকাবিলাও সমান গুরুত্বপূর্ণ।

জাকানির মতে, প্রতিরোধকে কার্যকর করতে হলে অভ্যন্তরীণ সংস্কার ও রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে। তা না হলে বাইরে থেকে আসা চাপের পাশাপাশি অভ্যন্তরীণ দুর্বলতাও ইরানের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। সূত্র: ডন