‘ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয়বিষয়ক ডেপুটি কমান্ডার হাবিবোল্লাহ সায়্যারির দাবি, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যে ধরনের সামরিক অভিযান চালিয়েছে, ইরানের বিরুদ্ধে একই ধরনের অভিযান পরিচালনার সামরিক সক্ষমতা ওয়াশিংটনের নেই।

রোববার (৬ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে সায়্যারি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই ভেনেজুয়েলার মতো অভিযান চালিয়ে ইরানে বিজয় অর্জনের সক্ষমতা ও ইচ্ছা রাখত, তাহলে এত দিনে বহুবার তা করার চেষ্টা করত। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে যে ইরানের সামরিক সক্ষমতা, প্রতিরোধ এবং জনগণের দৃঢ় মনোবলকে পরাস্ত করা তাদের পক্ষে সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ওপর চাপ আরও বাড়ানোর বক্তব্যকেও দুর্বলতার প্রমাণ হিসেবে উল্লেখ করেন সায়্যারি। তাঁর দাবি, ওয়াশিংটনের ক্রমবর্ধমান হুমকি মূলত ইরানের বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফল অর্জনে যুক্তরাষ্ট্রের অক্ষমতাকেই তুলে ধরছে।

সায়্যারি আরও জানান, সাম্প্রতিক সংঘাতগুলো থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ইরানের সশস্ত্র বাহিনী নিজেদের প্রতিরোধক্ষমতা আরও জোরদার করছে। একই সঙ্গে সংঘাতের সময় চিহ্নিত হওয়া সামরিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠতেও কাজ চলছে।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর ইরানে এমন বক্তব্য সামনে এলো। বিশ্লেষকদের মতে, ভৌগোলিক অবস্থান, সামরিক সক্ষমতা ও নিরাপত্তা কাঠামোর দিক থেকে ইরান ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি জটিল লক্ষ্য।