লন্ডনে আরব পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

লন্ডনের অভিজাত মেফেয়ারে ছিনতাইয়ের চেষ্টার সময় এক সৌদি নাগরিককে ছুরিকাঘাতের ঘটনায় ব্রিটিশ রাজধানীতে আরব ও উপসাগরীয় দেশগুলোর পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেমর) মেফেয়ারের বার্কলে স্কয়ারে ৪০-এর কোঠায় থাকা ওই সৌদি নাগরিক ছুরিকাঘাতে আহত হন। পরে মেট্রোপলিটন পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যান। তার আঘাত জীবনহানির মতো গুরুতর নয় বলে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকেই ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গুরুতর শারীরিক আঘাত, আপত্তিকর অস্ত্র বহন এবং ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে এবং বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কোনো চলমান ঝুঁকির ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি।

লন্ডনে সৌদি দূতাবাস জানিয়েছে, তারা ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং আহত নাগরিকের চিকিৎসা ও শারীরিক অবস্থার ওপর নজর রাখছে। একই সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানরত সৌদি নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রকাশ্যে মূল্যবান সামগ্রী বহন না করার আহ্বান জানিয়েছে দূতাবাস। প্রতিবেদন অনুযায়ী, ওই সৌদি নাগরিকের ব্যাগে একটি দামি ঘড়ি ছিল এবং ছিনতাইয়ের চেষ্টা সেটিকে কেন্দ্র করে হয়ে থাকতে পারে। তবে ঘড়িটি বাইরে থেকে দৃশ্যমান ছিল না এবং শেষ পর্যন্ত কোনো কিছুই ছিনতাই হয়নি।

লন্ডনে সৌদি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য। ২০২৪ সালে সৌদি আরব থেকে যুক্তরাজ্যে রেকর্ড ৩ লাখ ৪৪ হাজার ভ্রমণ হয়েছিল। ওই বছর সৌদি পর্যটকেরা দেশটিতে প্রায় ৭৭১ মিলিয়ন পাউন্ড ব্যয় করেন। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত লন্ডনে অপরাধের শিকার হিসেবে ১৮৫ জন সৌদি নাগরিকের তথ্য রেকর্ড হয়েছে। এর মধ্যে ৯৭টি ছিল চুরি, ৪১টি ব্যক্তির ওপর সহিংসতা এবং ১২টি ছিনতাইয়ের ঘটনা। তবে এসব পরিসংখ্যানে পর্যটক, শিক্ষার্থী ও যুক্তরাজ্যে বসবাসকারী সৌদি নাগরিকদের আলাদা করা হয়নি। ফলে এগুলো দিয়ে সৌদি পর্যটকদের অপরাধের ঝুঁকি নির্দিষ্টভাবে পরিমাপ করা যায় না।

ভ্রমণ বিশেষজ্ঞদের পরামর্শ, আরব পর্যটকদের দামি ঘড়ি, গয়না, ডিজাইনার ব্যাগ ও মোবাইল ফোন প্রকাশ্যে না দেখানো, বিশেষ করে ভিড়পূর্ণ স্থান, বিলাসবহুল কেনাকাটার এলাকা, রেস্তোরাঁ ও রাতে চলাচলের সময় বাড়তি সতর্ক থাকা উচিত। তবে নিরাপত্তার কারণে ঐতিহ্যবাহী পোশাক পরা বা নিজের জাতীয় পরিচয় গোপন করার প্রয়োজন নেই বলেও তারা মনে করেন।

জেএম
আরও পড়ুন