মার্কিন বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারে আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন একটি বিমানবাহী রণতরী ও একটি ডেস্ট্রয়ারে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। রোববার (৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে, হামলায় মার্কিন দুই যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর সংঘাতপূর্ণ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, ইরানি জাহাজগুলোকে হয়রানি করা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে অংশ নেওয়ার কারণেই মার্কিন যুদ্ধজাহাজ দুটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তাদের দাবি, হামলার ফলে জাহাজগুলো ক্ষয়ক্ষতির মুখে পড়ে এবং শেষ পর্যন্ত সংঘাতের এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়।

বাহিনীটির বিবৃতিতে আরও বলা হয়, ইরানের হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হয়েছে। আইআরজিসি এই স্বীকারোক্তিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয়ের জীবন্ত প্রমাণ হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে মার্কিন যুদ্ধজাহাজে হামলার ঘটনাকে নিজেদের আক্রমণাত্মক সক্ষমতারও প্রমাণ বলে দাবি করেছে ইরানি বাহিনী।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক করে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশটির সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ভয়াবহ জবাব দেওয়া হবে। ইরানি বাহিনী জানিয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো বৈরী পদক্ষেপের ক্ষেত্রেও কঠোর প্রতিক্রিয়া দেখানোর জন্য তারা প্রস্তুত রয়েছে।

আইআরজিসি আরও বলেছে, ইরান আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও শক্ত অবস্থানে রয়েছে। প্রতিরোধী ইরানি জাতির জন্য বিজয়ই নির্ধারিত এবং আগ্রাসীদের পরিণতি হিসেবে পরাজয় ও অনুশোচনাই অপেক্ষা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি