'বিশ্বের যেকোনো স্থানে মার্কিন বাহিনীর সক্ষমতা অচল করবো'

প্রয়োজনে বিশ্বের যেকোনো স্থানে মার্কিন বাহিনীর সক্ষমতা অচল করে দেওয়ার সামর্থ্য ইরানের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন।

ইরানি বলেন, শত্রুর গতিবিধি মুহূর্তে মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান দায়িত্ব হলো শত্রুপক্ষকে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন থেকে বিরত রাখা। এই দায়িত্ব পালনে ইরান সফল হবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের জন্য ইরানের সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকার আহ্বান জানান নৌবাহিনীপ্রধান। এ প্রসঙ্গে ইরান-ইরাক যুদ্ধের সময় খোররামশাহর শহরের প্রতিরোধের কথা স্মরণ করেন তিনি। একই সঙ্গে সামনে আরও খোররামশাহরের মতো যুদ্ধ বা কঠিন পরিস্থিতি আসতে পারে বলেও ইঙ্গিত দেন।

শাহরাম ইরানির বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বেড়েছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় জলসীমায় দুই দেশের সামরিক বাহিনীর সরাসরি সংঘাতও হয়েছে।

ইরানের নৌবাহিনীপ্রধানের সাম্প্রতিক বক্তব্যে মূলত ওয়াশিংটনকে একটি বার্তাই দেওয়া হয়েছে, ইরানের সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করলে তার পরিণতি গুরুতর হতে পারে। গত মাসেও ইরানি বলেছিলেন, ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ়তা নিয়ে শত্রুপক্ষ গুরুতর ভুল হিসাব করছে এবং নৌবাহিনী শক্তি ও সংকল্পের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে যাবে।

এদিকে হরমুজ প্রণালি ঘিরে সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সংঘাতের মধ্যে এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে আঞ্চলিক উত্তেজনার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে। সূত্র: ডন