ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট তিন সন্ত্রাসী চক্র ধ্বংস

ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে হামলা চালানোর আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সংগঠিত সন্ত্রাসী চক্র ধ্বংস করার দাবি করেছে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ভাষ্য, বিদেশ থেকে ইরানে প্রবেশের সময়ই চক্রগুলোর সদস্যদের শনাক্ত করে অভিযান চালানো হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সিস্তান ও বালুচিস্তান প্রদেশের গোয়েন্দা কার্যালয় জানায়, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর অভিযানে তিনটি চক্রকে তাদের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর আগেই নিষ্ক্রিয় করা হয়েছে।

অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। এ ছাড়া বিদেশ থেকে ইরানে প্রবেশ করা আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্ত্রণালয়ের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিদেশে সামরিক প্রশিক্ষণ নিয়েছিল। তাদের বিস্ফোরক তৈরি ও হত্যাকাণ্ড পরিচালনার প্রশিক্ষণও দেওয়া হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অভিযান শেষে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এর মধ্যে হালকা ও মাঝারি ধরনের অস্ত্রও রয়েছে। এসব অস্ত্রের একটি অংশ গোপনে ইরানে পাচার করে মজুত করা হয়েছিল বলে দাবি করেছে গোয়েন্দা মন্ত্রণালয়।

সিস্তান ও বালুচিস্তান ইরানের অন্যতম অস্থিতিশীল সীমান্তবর্তী প্রদেশ। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তঘেঁষা এই এলাকায় অতীতেও সশস্ত্র গোষ্ঠীর হামলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সর্বশেষ অভিযানের মাধ্যমে অঞ্চলটিতে সম্ভাব্য বড় ধরনের নাশকতা ঠেকানো হয়েছে বলে দাবি করছে তেহরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি