সামরিক সরঞ্জামের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এসব সরঞ্জামের ধরন, ব্যবহার ও যুদ্ধকৌশলও সম্প্রসারণ করছে ইরান বলে জানিয়েছেন দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যেকোনো সংঘাত মোকাবিলায় ইরানের বাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
মেহর নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে এলহামি বলেন, ইরান নিজেদের সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করছে। নতুন হুমকি ও যুদ্ধের পরিবর্তিত ধরন মোকাবিলায় সামরিক সরঞ্জামের উৎপাদন ও ব্যবহারের কৌশলও দ্রুত পরিবর্তন করা হচ্ছে।
তিনি বলেন, ইরানের হাতে থাকা সামরিক সরঞ্জামের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এর ধরন, প্রয়োগ এবং কৌশলও সম্প্রসারণ করা হবে। তার ভাষায়, ইরান প্রস্তুত।
এর আগে চলতি সপ্তাহেও ইরানের সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার মধ্যেই তেহরান নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর বার্তা দিচ্ছে।
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এরই মধ্যে দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন ও মোতায়েনের কাজ এগিয়ে নিচ্ছে। ইরানের প্রতিরক্ষা সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে তৈরি ও পরীক্ষিত কিছু দেশীয় ব্যবস্থা সফলভাবে পরীক্ষিত হওয়ার পর সেগুলোর উৎপাদন দ্রুত বাড়ানো হচ্ছে।
এলহামির বক্তব্যে স্পষ্ট, সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরান শুধু অস্ত্রের সংখ্যা বাড়াতে নয়, যুদ্ধক্ষেত্রে সেগুলোর ব্যবহার ও কৌশলেও পরিবর্তন আনতে চাইছে। ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যে তেহরানের প্রতিরক্ষা প্রস্তুতি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত মিলছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি