গাজায় বিমান হামলায় হামাস কমান্ডার নিহত

গাজা সিটিতে বিমান হামলা চালিয়ে হামাসের সশস্ত্র শাখার নুখবা ইউনিটের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী। নিহত ব্যক্তিকে ইউসুফ আকিলা হিসেবে শনাক্ত করেছে তারা।

ইসরায়েলি বিমানবাহিনীর দাবি, গাজা সিটিতে চালানো ওই হামলায় আকিলাকে লক্ষ্যবস্তু করা হয়। তিনি হামাসের সশস্ত্র শাখার নুখবা ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তবে ইসরায়েলের এই দাবি নিয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের দাবি, হামাসের যোদ্ধাদের লক্ষ্য করেই এসব অভিযান চালানো হচ্ছে। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহতদের বড় অংশই বেসামরিক মানুষ।

সাম্প্রতিক দিনগুলোতেও গাজা সিটিতে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এর আগে রোববারের এক বিমান হামলায় ইউসুফ আকিলা ও তার আট বছর বয়সী মেয়ে নিহত হওয়ার কথা জানিয়েছিল গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। ইসরায়েলি সামরিক বাহিনী তখনও জানিয়েছিল, তারা হামাসের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সূত্র: আলজাজিরা