ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সংবাদপত্র হারেৎজের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। পত্রিকাটি এক প্রতিবেদনে দাবি করেছিল, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কয়েক দিন আগে সংগঠনটির আক্রমণের পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করা হয়েছিল।
বুধবার (৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু ওই প্রতিবেদনকে ‘বানোয়াট’ ও ‘মিথ্যা’ বলে অভিহিত করেন।
তিনি জানান, হারেৎজ এবং প্রতিবেদনটির লেখক শ্লোমি এলদার ও রুথ ইয়াভালের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন তাঁর আইনজীবীদের।
মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ (এমবিজেড) ৭ অক্টোবরের হামলার ১০ দিন আগে হামাসের সম্ভাব্য আক্রমণের বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন।
ওই হামলায় ফিলিস্তিনি যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে অন্তত ১ হাজার ১৯৫ জনকে হত্যা এবং প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। এরপর ইসরায়েল গাজায় যে যুদ্ধ শুরু করে, তাতে অন্তত ৭৩ হাজার ৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হারেৎজের দাবি, এমবিজেড নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের হুমকির কথা জানান। বন্দীবিনিময় আলোচনা আটকে থাকা এবং গাজা অবরোধ অব্যাহত রাখায় ক্ষুব্ধ সিনওয়ার এক মধ্যস্থতাকারীর মাধ্যমে আমিরাতকে জানিয়েছিলেন, তিনি একটি ‘বিশাল চমক’ প্রস্তুত করছেন এবং ইসরায়েলকে ‘ভূমিকম্পের জন্য প্রস্তুত থাকতে’ বলতে বলেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এমবিজেড ও তাঁর সহযোগীরা এটিকে পূর্ণমাত্রার হামলার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন। পরে তাঁরা তথ্যটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের কাছে পাঠান। তবে সংস্থাটি ওই সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি বলে হারেৎজের প্রতিবেদনে দাবি করা হয়েছে।