লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে জাহাজ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য নিরাপদ এবং নির্বিঘ্ন রয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
হুথিদের মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম রয়টার্সকে বলেছেন, লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্য নিরাপদ ও বাধাহীন রয়েছে।
তিনি আরও দাবি করেন, হুথিদের বর্তমান সামরিক অভিযান নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর মধ্যেই সীমিত এবং এসব অভিযান প্রতিরক্ষামূলক।
আবদুস সালামের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথিদের সামরিক অগ্রযাত্রা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে কৌশলগত বন্দরনগরী মোখা দখলের পর বাব আল-মান্দাবের কাছাকাছি এলাকায়ও হুথিদের অগ্রসর হওয়ার খবর পাওয়া গেছে।
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। ফলে এই এলাকায় সংঘাত বাড়লে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তবে হুথিদের মুখপাত্রের দাবি অনুযায়ী, তাদের বর্তমান অভিযান আন্তর্জাতিক বাণিজ্য ও সাধারণ নৌ চলাচল বন্ধ করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না; বরং নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে চালানো হচ্ছে। সূত্র: ডন