হুথিদের অস্ত্র ও অর্থ জোগান বন্ধে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পিএম

ইরানের পক্ষ থেকে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের প্রতি সমর্থন এবং ইরাক ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে তাদের যোগাযোগ আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য হুমকি তৈরি করছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা। হুথিদের কাছে অস্ত্র ও অর্থায়ন পৌঁছানো বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে অনুষ্ঠিত ২২তম আইআইএসএস মানামা সংলাপে বক্তব্য দেওয়ার সময় ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের বিশেষজ্ঞদের অনুসন্ধানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ইয়েমেনবিষয়ক জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের অনুসন্ধানে ইরান, ইরাকের সশস্ত্র গোষ্ঠী এবং হিজবুল্লাহর পক্ষ থেকে হুথিদের সহায়তার বিষয়টি প্রমাণিত হয়েছে।

আফরাহ আল-জুবা বলেন, ইয়েমেনের সংঘাতের প্রভাব এখন দেশটির সীমানা ছাড়িয়ে গেছে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা ও সামুদ্রিক নৌ চলাচলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি। তার মতে, এসব নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে হলে হুমকির উৎস বন্ধ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র ও অর্থায়নের প্রবাহ থামানো প্রয়োজন।

সীমান্ত পেরিয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যোগাযোগ বৃহত্তর নিরাপত্তাঝুঁকি তৈরি করছে বলেও সতর্ক করেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া ২০২৫ সালে হুথি ও সোমালিয়ার সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের মধ্যে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে সহযোগিতার তথ্য পাওয়ার কথা জানান তিনি।

এসব গোষ্ঠীর অর্থায়নের নেটওয়ার্ক ব্যাহত করতে গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আফরাহ আল-জুবা। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত