ইসরায়েলের যুদ্ধের খরচ আমেরিকা কেনো দেবে: আরাঘচি

বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা যুক্তরাষ্ট্রের এক শীর্ষ নৌ কর্মকর্তা স্বীকার করার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের যুদ্ধের খরচ আমেরিকার জনগণের বহন করা উচিত নয়।

ভারপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী সচিব হুং কাওয়ের সাম্প্রতিক মন্তব্যকে স্বাগত জানিয়ে আরাঘচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ যুক্তরাষ্ট্রের আগ্রাসনে সহায়তাকারী অন্যান্য ঘাঁটিতেও ব্যাপক আঘাত হেনেছে।

৯ সেপ্টেম্বর দ্য এপক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাও বাহরাইনে মার্কিন নৌ স্থাপনায় ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেন। তিনি বাহরাইনের পরিস্থিতি বর্ণনা করতে বলেন, ইরানি বাহিনী সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বাহরাইনের নৌ সহায়তা কার্যক্রম কেন্দ্রটি মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।

কাও আরও জানান, হামলার কারণে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর কার্যক্রমও ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনায় রণতরীটি ভেড়ানোর মতো কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে উন্মুক্ত সূত্রের তথ্য ও উপগ্রহচিত্রেও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসে। ইরানের বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সামরিক অভিযানের প্রাথমিক পর্যায়েই এসব স্থাপনায় হামলা হয়েছিল বলে উল্লেখ করেছে ইরানের বার্তা সংস্থা মেহর।

এদিকে মার্কিন নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারিল কডল চলতি মাসের শুরুতে জানিয়েছিলেন, ক্ষয়ক্ষতির কারণে বাহরাইনের ওই স্থাপনায় নৌবাহিনী ‘শিগগিরই’ ফিরছে না।

আরাঘচি তার বক্তব্যে মূলত এই ক্ষয়ক্ষতিকেই যুক্তরাষ্ট্রের জন্য ইসরায়েলের যুদ্ধের মূল্য হিসেবে তুলে ধরেছেন। তিনি বলেন, মার্কিন জনগণকে অন্য দেশের যুদ্ধের বিল বহন করার চেয়ে ভালো কিছু প্রাপ্য। সূত্র: মেহর নিউজ এজেন্সি