তেলের দাম নিয়ন্ত্রণে ওয়াশিংটন ব্যর্থ: গালিবাফ

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে ওয়াশিংটনের সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে ব্যঙ্গ করেন তিনি।

গালিবাফের দাবি, তেলের দাম কমাতে মার্কিন অর্থ মন্ত্রণালয় একের পর এক পদক্ষেপ নেবে। এর মধ্যে সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, বাজারে হস্তক্ষেপ, কৌশলগত মজুত থেকে তেল ছাড়াসহ বিভিন্ন উদ্যোগ থাকবে। তবে এসবের কোনোটিই শেষ পর্যন্ত তেলের ঊর্ধ্বমুখী গতি থামাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

একটি গ্রাফের মাধ্যমে তেলের দামের সম্ভাব্য গতিপথও তুলে ধরে ইরানি পার্লামেন্ট স্পিকার লেখেন, এরপর কী ঘটবে, তা যেন কেউ না জানার ভান করে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকে। পরে ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার পর জ্বালানি বাজারে সংকট আরও তীব্র হয়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়।

তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও। দেশটিতে পেট্রোলের দাম গ্যালনপ্রতি প্রায় ৪ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে, যা এক বছর আগের তুলনায় প্রায় ৩৪ শতাংশ বেশি। বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিজেলের দামও গ্যালনপ্রতি ৫ দশমিক ৯৮ ডলারে উঠে নতুন রেকর্ড গড়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি