যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের লড়াই পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তালেঘান শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের সক্ষমতা এখনো আগ্রাসী শক্তিগুলো পুরোপুরি বুঝে উঠতে পারেনি।
নিকজাদ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিভাজনের ষড়যন্ত্র এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের মাধ্যমে ইরানকে দুর্বল করার চেষ্টা করেছিল। এমনকি তিন দিনের মধ্যে তেহরান দখলের স্বপ্নও দেখেছিল তারা। কিন্তু ইরানি জনগণ প্রতিরোধ ও দৃঢ়তার মাধ্যমে সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।
ইরানের এই ডেপুটি স্পিকার দাবি করেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ও অর্থনৈতিক চাপও কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। পশ্চিম এশিয়ার মানচিত্র বদলে দেওয়া কিংবা ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার যে লক্ষ্য তারা নিয়েছিল, সেটিও সফল হয়নি বলে মন্তব্য করেন তিনি।
নিকজাদ বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যেও ইরানিরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সশস্ত্র বাহিনীকে সমর্থন করছে। তার ভাষ্য, ইরানের জনগণ প্রতিরক্ষা ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্য দিয়ে শত্রুদের মোকাবিলার সক্ষমতা অর্জন করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রসঙ্গও তুলে ধরেন নিকজাদ। তিনি অভিযোগ করেন, বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসনব্যবস্থাগুলো ইরানের বিপ্লবী নেতাকে হত্যা করেছে। তবে তার প্রজ্ঞা ও রেখে যাওয়া আদর্শ ইরানি জনগণকে পথ দেখিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি