বাব আল-মান্দাব-এর নিয়ন্ত্রণ নিতে শতাধিক সেনা পাঠাচ্ছে ইরান

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইয়েমেনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শত শত সেনা পাঠানোর অভিযোগ উঠেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে অবস্থানরত হুথিদের সামরিক অভিযানে এসব ইরানি সেনা সরাসরি সহায়তা করছেন।

এরই মধ্যে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে টানা সংঘর্ষের পর কৌশলগত বন্দরনগরী মোখা নিয়ন্ত্রণ পুরোপুরি নেওয়ার দাবি করেছে হুথিরা। বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি অবস্থানের কারণে মোখা নিয়ন্ত্রণকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এতে লোহিত সাগরের অন্যতম ব্যস্ত নৌপথটির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সেনাদের উপস্থিতি হুথিদের সামরিক সক্ষমতা বাড়াতে এবং বাব আল-মান্দাব ঘিরে তাদের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করছে। তবে ইরান বরাবরের মতো হুথিদের সামরিক কর্মকাণ্ড সরাসরি পরিচালনার অভিযোগ অস্বীকার করে আসছে।

বাব আল-মান্দাব প্রণালি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যে পণ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এটি বন্ধ হয়ে গেলে জাহাজগুলোকে লোহিত সাগর ও সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে পরিবহন ব্যয় ও সময় উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

এর আগে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ফলে একই সময়ে হরমুজ ও বাব আল-মান্দাব, দুটি গুরুত্বপূর্ণ নৌপথে অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে বাব আল-মান্দাব ঘিরে নতুন করে সামরিক তৎপরতার অভিযোগ আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। জাতিসংঘও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে।

এদিকে গুরুত্বপূর্ণ দুই নৌপথ ঘিরে উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে। তবে তেলের দামের এই বৃদ্ধির পেছনে বাব আল-মান্দাব পরিস্থিতির নির্দিষ্ট প্রভাব কতটা, তা প্রতিবেদনে আলাদাভাবে উল্লেখ করা হয়নি। সূত্র: গালফ নিউজ