ইয়েমেনের কৌশলগত বন্দরনগরী মোখা এবং লোহিত সাগরের পশ্চিম উপকূল থেকে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সামরিক বাহিনী পুরোপুরি সরে গেছে বলে দাবি করা হয়েছে। এর ফলে হুথিদের দক্ষিণ দিকে বাব আল-মান্দাব প্রণালির দিকে অগ্রযাত্রার পথ আরও উন্মুক্ত হয়েছে।
সানা থেকে আল জাজিরার প্রতিবেদক ইউসেফ মাওরি জানিয়েছেন, মাঠপর্যায়ের বিভিন্ন সূত্র ও পাওয়া প্রতিবেদনে মোখা পুরোপুরি হুথিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পাশাপাশি বাব আল-মান্দাব পর্যন্ত পশ্চিম লোহিত সাগরীয় উপকূলও তাদের নিয়ন্ত্রণে যাওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে নিশ্চিতভাবে জানা গেছে, সৌদি-সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সামরিক বাহিনী ওই এলাকা থেকে পুরোপুরি প্রত্যাহার করেছে।
প্রতিবেদন অনুযায়ী, তাইজের পশ্চিমে আল-ওয়াজিয়াহ এলাকায় সংঘর্ষের পর মোখার পতন ঘটে। এরপর হুথিরা খালিদ ইবনে আল-ওয়ালিদ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। এরপর মোখা দখলের সময় বড় ধরনের প্রতিরোধের মুখে পড়তে হয়নি তাদের। সরকারি বাহিনীর সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে চলে যাওয়ায় হুথিদের জন্য শহরটির নিয়ন্ত্রণ নেওয়া সহজ হয়ে যায়। মোখা দখলের পর আনসারুল্লাহ হুথি বাহিনী দক্ষিণ দিকে অগ্রসর হতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল বাব আল-মান্দাবের দিকে আরও এগিয়ে গিয়ে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ বিস্তৃত করা।
বাব আল-মান্দাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে হুথিদের মোখা দখল এবং দক্ষিণমুখী অগ্রযাত্রা শুধু ইয়েমেনের গৃহযুদ্ধের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক নৌবাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তার জন্যও তাৎপর্যপূর্ণ।
তবে মোখা থেকে বাব আল-মান্দাব পর্যন্ত পুরো উপকূল হুথিদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার দাবি এখনো ইয়েমেন সরকার বা অন্য কোনো স্বাধীন সূত্র আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট
ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের নিয়ন্ত্রণে
'কয়েক বছরে সামরিক শক্তিতে অত্যন্ত শক্তিশালী হয়েছে হুথিরা'