মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পুলিশের’ প্রয়োজন নেই: পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে কোনো ‘আঞ্চলিক পুলিশ’ হিসেবে প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, এ অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অঞ্চলটির প্রধান খেলোয়াড় ও দেশগুলোরই।

ভারতে ব্রিকস সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য এলো।

পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যে কোনো আঞ্চলিক পুলিশের প্রয়োজন নেই। এ অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এর প্রধান দেশগুলো এবং অঞ্চলটির অংশীদার রাষ্ট্রগুলোর মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।

ব্রিকস সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক অর্থনীতিতেও পড়ছে। সংঘাতের কারণে জ্বালানি সংকট তীব্র হওয়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য ও মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ বাড়ছে।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পেজেশকিয়ানের বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তায় বহিরাগত শক্তির ভূমিকার বিরোধিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা