মার্কিন সহায়তা ছাড়া ইসরায়েলি বাহিনী ভেঙে পড়বে: ভাহিদি

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলি বাহিনী খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি। তার দাবি, সাম্প্রতিক যুদ্ধে ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর অভূতপূর্ব ঐক্য ও সমন্বয় দেশটির প্রতিরোধ সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) তেহরানে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির সঙ্গে যৌথ বৈঠকে ভাহিদি বলেন, ইরানের বিশ্বাস ও দৃঢ়সংকল্পের ‘দুর্ভেদ্য বাধার’ মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর্থন না থাকলে ইসরায়েলি বাহিনী ‘সবচেয়ে কম সময়ের মধ্যেই’ ধসে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে শত্রুপক্ষ ভুল হিসাব করেছে বলে দাবি করেন ভাহিদি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ইরানের সশস্ত্র বাহিনী সামরিকভাবে অসাধারণ সক্ষমতা দেখিয়েছে।

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত ইরানি সেনাদের স্মরণ করে আইআরজিসির এই কমান্ডার বলেন, সামরিক সংঘাত ও সাম্প্রতিক হুমকির মুখে জাতীয় ঐক্য ও পারস্পরিক সংহতিই ছিল ইরানের সবচেয়ে বড় অর্জন।

তিনি বলেন, সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনীর মধ্যে নজিরবিহীন ঐক্য তৈরি হয়েছে। পাশাপাশি গোয়েন্দা ও অভিযান পরিচালনার ক্ষেত্রে সমন্বয়ও আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। এসব বিষয়ই বিজয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি বলে উল্লেখ করেন তিনি।

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরানি বাহিনীর সক্ষমতা অত্যন্ত শক্তিশালী। কোনো পরিস্থিতিতেই জাতীয় স্বার্থ নিয়ে আপস করা হবে না বলেও ঘোষণা দেন তিনি।

হাতামি আরও বলেন, সেনাবাহিনী ও আইআরজিসির মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব হবে দ্রুত, ঐক্যবদ্ধ, বুদ্ধিদীপ্ত ও শক্তিশালী।

শনিবার তেহরানে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির জ্যেষ্ঠ কমান্ডাররা সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পর্যালোচনায় একটি বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেন, দেশটির সামরিক সক্ষমতা শত্রুপক্ষের ধারণার চেয়েও অনেক বেশি। সূত্র: মেহর নিউজ এজেন্সি