অভ্যন্তরীণ বিভাজন উসকে দিতে চাইছে যুক্তরাষ্ট্র: হোসেইন তাইয়েব

ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামাজিক বিভাজন উসকে দিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছেন দেশটির বাসিজ সংগঠনের প্রধান হুজ্জাতুল ইসলাম হোসেইন তাইয়েব।

শনিবার (১২ সেপ্টেম্বর) তেহরানের বাসিজ বাহিনীর বিভিন্ন ঘাঁটির কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ইরানের অভ্যন্তরীণ বিভিন্ন ধারা ও গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় যুক্তরাষ্ট্র। দেশবাসীর ঐক্য ও পারস্পরিক সংহতি বজায় রেখে এই প্রচেষ্টা ব্যর্থ করে দিতে হবে।

তাইয়েব বলেন, দেশের নিরাপত্তাগত সক্ষমতা আরও শক্তিশালী করার পাশাপাশি তা প্রদর্শন করাও জরুরি। সাম্প্রতিক সংঘাতের সময় ইরানি জনগণ অভূতপূর্বভাবে মাঠে নেমে নিজেদের বিশ্বাস ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শত্রুর সঙ্গে দুর্বলতা, হতাশা বা ভয়ের কারণে কোনো আলোচনা করা উচিত নয় বলেও সতর্ক করেন বাসিজ প্রধান। তবে শত্রুপক্ষ আত্মসমর্পণ বা আলোচনার আহ্বান জানালে শক্ত অবস্থান থেকে এবং নিজেদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সংলাপে বসতে হবে বলে মন্তব্য করেন তিনি।  সূত্র: মেহর নিউজ এজেন্সি