যুক্তরাষ্ট্রকে বিশ্বের প্রধান সন্ত্রাসবাদ প্রশিক্ষক ও পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করে দেশটির সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণের কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের বক্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার (১২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
বাঘাই বলেন, কোনো দেশ একই সঙ্গে অন্য দেশের বিরুদ্ধে আগ্রাসন চালাবে, কাপুরুষোচিত হত্যাকাণ্ড ঘটাবে এবং বেসামরিক মানুষকে হত্যা করবে, আবার সন্ত্রাসবাদের সংজ্ঞা নির্ধারণ ও কোন ধরনের সহিংসতা বৈধ, তা এককভাবে ঠিক করার দাবি করবে, এমনটি হতে পারে না।
৯/১১ হামলার প্রসঙ্গ টেনে বাঘাই বলেন, ওই হামলার সঙ্গে ইরানের কোনো সম্পর্ক ছিল না। বরং হামলাকারীরা ছিল সেই একই গোষ্ঠীর সদস্য, যাদের আগের কয়েক দশকে যুক্তরাষ্ট্র সংগঠিত ও প্রশিক্ষিত করেছিল বলে তিনি দাবি করেন।
ইরানি মুখপাত্র যুক্তরাষ্ট্রের পরবর্তী আফগানিস্তান ও ইরাক যুদ্ধেরও সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ৯/১১ হামলার পর সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ওয়াশিংটন যে সামরিক অভিযান চালিয়েছে, তাতে বিপুলসংখ্যক নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
বাঘাই আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ৯/১১ হামলার বার্ষিকীকেও ইরানের বিরুদ্ধে তাদের কথিত অবৈধ যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্যবহার করছে। তাঁর দাবি, ওই যুদ্ধে ইরানি কর্মকর্তাদের হত্যার পাশাপাশি নারী ও শিশুসহ বেসামরিক মানুষের ওপর হামলা চালানো হয়েছে।
এর আগে ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তব্যে হেগসেথ দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী যুদ্ধকে ওয়াশিংটনের কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে দেখা উচিত। একই সঙ্গে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও তুলে ধরেন তিনি।
হেগসেথের ওই বক্তব্যের পরই পাল্টা অবস্থান জানিয়ে বাঘাই বলেন, সন্ত্রাসবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের এমন কোনো নৈতিক বা রাজনৈতিক কর্তৃত্ব নেই, যার ভিত্তিতে তারা অন্য রাষ্ট্রের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করবে কিংবা নিজেদের সামরিক পদক্ষেপকে বৈধ বলে দাবি করবে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি