ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সদস্যপদ পাওয়ার পথে থাকা বাধাগুলো দূর করতে ইরান কাজ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে ব্রিকস সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের সাইডলাইনে রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে ইরানের যোগদানের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, ভারত সফরের সময় সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণ এবং সদস্য দেশগুলোর পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে ব্রিকসকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছে তেহরান। জোটের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
ব্রিকস সম্মেলনকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে আরাঘচি বলেন, জোটটির ব্যবসায়িক পরিষদে জাতীয় মুদ্রার ব্যবহার নিয়ে আলোচনা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বৈশ্বিক বাণিজ্যে প্রচলিত মুদ্রানির্ভরতার বাইরে সদস্য দেশগুলোর নিজস্ব মুদ্রার ব্যবহার বাড়ানোর বিষয়টি ব্রিকসের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠছে।
আরাঘচি জানান, মূল ব্রিকস সম্মেলনের পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে ভারত, মালয়েশিয়া ও ইথিওপিয়ার নেতাদের সঙ্গে পেজেশকিয়ানের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে মুসলিম ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্টের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় এর স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে।
ব্রিকসের মাধ্যমে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করাকেও ইরানের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন আরাঘচি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি