যুদ্ধ প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র কোনো পরাশক্তি নয়: আকরামিনিয়া

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ প্রমাণ করেছে, যুক্তরাষ্ট্র নিজেকে বৈধ পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। একই সঙ্গে বিশ্ব ধীরে ধীরে মার্কিন আধিপত্যের যুগ পেরিয়ে মার্কিন-পরবর্তী নতুন বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তেহরানে আরবি ক্যালিগ্রাফি ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন নিয়ে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেন আকরামিনিয়া। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মার্কিন সামরিক সক্ষমতা, নরম শক্তি ও নৈতিক অবস্থানের ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জ সামনে এনেছে। এর ফলে আন্তর্জাতিক ব্যবস্থায় ওয়াশিংটনের অবস্থান দুর্বল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, দ্বিমেরু বিশ্বব্যবস্থা ভেঙে যাওয়ার তিন দশকেরও বেশি সময় পর বিশ্ব এখন দ্রুত বহুপক্ষীয়তা ও বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। তার ভাষায়, পশ্চিমা দেশ ও যুক্তরাষ্ট্রের আধিপত্যের সময় পেরিয়ে বিশ্ব এমন একটি মার্কিন-পরবর্তী ও পশ্চিমা-পরবর্তী ব্যবস্থার দিকে যাচ্ছে, যেখানে বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ অনুসরণে আরও বেশি স্বাধীনতা থাকবে।

আকরামিনিয়া আরও বলেন, নিজেদের আধিপত্য ধরে রাখার চেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্র আগ্রাসী ও অবৈধ আচরণ গ্রহণ করেছে। আন্তর্জাতিক নিয়মকানুন উপেক্ষা করা, শক্তি প্রয়োগ ও আগ্রাসনের নিষেধাজ্ঞা লঙ্ঘন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ইসরায়েলকে সমর্থন দেওয়ার মতো পদক্ষেপ ওয়াশিংটনের আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করেছে বলে দাবি করেন তিনি।

তার মতে, এসব কর্মকাণ্ডের ফলে আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের অবস্থান ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং বিশ্বব্যবস্থা আরও বহুমেরুকেন্দ্রিক কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি