যুক্তরাষ্ট্রের উত্থাপিত ইরানবিরোধী প্রস্তাব আটকে দেওয়ায় চীন-রাশিয়াকে কৃতজ্ঞতা

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত ইরানবিরোধী খসড়া প্রস্তাব আটকে দেওয়ায় রাশিয়া ও চীনকে ধন্যবাদ জানিয়েছে ইরান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ইরানের জাতিসংঘ মিশন এক বিবৃতিতে রাশিয়া ও চীনের অবস্থানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।

ইরানের জাতিসংঘ মিশন জানায়, বৃহস্পতিবারের (১৭ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবটি গৃহীত হয়নি। ইরানের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক উদ্দেশ্যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল এবং এর মাধ্যমে অবৈধ ১৭৩৭ নম্বর নিষেধাজ্ঞা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ প্যানেলের কার্যক্রমের মেয়াদ পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, রাশিয়া ও চীন জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের অখণ্ডতার পক্ষে নিজেদের অবস্থান আবারও দৃঢ়ভাবে তুলে ধরেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা পরিষদকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের জাতিসংঘ মিশন রাশিয়া ও চীনের ‘নীতিনিষ্ঠ ও দৃঢ়’ অবস্থান এবং বৃহস্পতিবারের ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপের’ জন্য কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে সোমালিয়া ও পাকিস্তানের অবস্থান এবং ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তকেও স্বাগত জানানো হয়।

এর আগে ইরানবিষয়ক ১৭৩৭ নিষেধাজ্ঞা কমিটির বিশেষজ্ঞ প্যানেলের কার্যক্রমের মেয়াদ বাড়ানোর জন্য নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। ভোটাভুটিতে রাশিয়া ও চীন প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। সোমালিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত থাকে। নিরাপত্তা পরিষদের বাকি ১১ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

নিরাপত্তা পরিষদের কোনো খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টি ভোট প্রয়োজন হয়। তবে কোনো স্থায়ী সদস্য ভেটো দিলে প্রয়োজনীয় সংখ্যক ভোট পাওয়া সত্ত্বেও প্রস্তাবটি গৃহীত হয় না। ফলে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ১১টি ভোট পেলেও রাশিয়া ও চীনের ভেটোর কারণে তা অনুমোদিত হয়নি।

ইরানের জাতিসংঘ মিশন বলেছে, নিরাপত্তা পরিষদের এই ভোটাভুটিতে রাশিয়া ও চীনের অবস্থান জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নীতির প্রতি তাদের দৃঢ়তার বিষয়টি তুলে ধরেছে। এ অবস্থানের জন্য দুই দেশকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছে তেহরান। সূত্র: মেহর নিউজ এজেন্সি