'মোজতবা খামেনির শর্ত পূরণ না হলে আলোচনা নয়'

ইরানের সর্বোচ্চ নেতার নির্ধারিত সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব মোহাম্মদ জাভাদ হাজ আলী আকবরি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের খুতবায় তিনি বলেন, আলোচনা নিয়ে শত্রুপক্ষ যতই উদ্যোগ নিক, সর্বোচ্চ নেতার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ইরান আলোচনায় যাবে না।

হাজ আলী আকবরি বলেন, শত্রুপক্ষ আলোচনা করতে মরিয়া হয়ে উঠেছে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছে। তবে তিনি সর্বোচ্চ নেতার নির্ধারিত শর্তগুলো কী, তা উল্লেখ করেননি। একইভাবে কোন কোন পক্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, সেটিও স্পষ্ট করেননি তিনি।

তেহরানের জুমার নামাজের খতিব হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও কঠোর বক্তব্য দেন। তিনি দাবি করেন, ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

তিনি বলেন, বর্তমানে ইরানি জনগণের সন্তানদের অর্থাৎ ইরানি বাহিনীর অনুমতি ছাড়া কেউ হরমুজ প্রণালি দিয়ে পার হতে পারবে না।

খুতবায় হাজ আলী আকবরি শত্রুপক্ষের সামরিক অবস্থানগুলোতে ইরানের হামলারও প্রশংসা করেন। তিনি এসব হামলাকে ‘সুনির্দিষ্ট ও কার্যকর’ বলে উল্লেখ করেন। তার দাবি, সামরিক ঘাঁটি, সমুদ্র এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

তবে তিনি কোন কোন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বা এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

তার বক্তব্যে আলোচনার সম্ভাবনা ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, দুই ক্ষেত্রেই ইরানের অবস্থান কঠোর থাকার বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে সর্বোচ্চ নেতার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনায় না যাওয়ার অবস্থান স্পষ্ট করেছেন তেহরানের জুমার নামাজের খতিব। সূত্র: সূত্র: ইরান ইন্টারন্যাশনাল