হুথি হামলা বন্ধে ইরানের সহযোগিতা চায় পাকিস্তান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

সৌদি আরব ও দেশটির জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলা বন্ধে ইরানকে বারবার চাপ দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরানি কর্মকর্তাদের প্রতি এ আহ্বান জানিয়েছেন বলে ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি কর্মকর্তারা তেহরানকে জানিয়েছেন, সৌদি আরব আনুষ্ঠানিকভাবে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সহযোগিতা চাইলে রিয়াদের প্রতিরক্ষায় পাকিস্তানকে সরাসরি পদক্ষেপ নিতে হতে পারে। এ ক্ষেত্রে সৌদি আরবের নিরাপত্তায় পাকিস্তানের সম্পৃক্ত হওয়ার সম্ভাবনার কথাই ইরানকে জানানো হয়েছে।

এক কূটনীতিক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, সৌদি আরব আঞ্চলিক দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, তাতে এখন পর্যন্ত তেমন সাড়া পাওয়া যায়নি। তার মতে, বর্তমানে রিয়াদ কিংবা হুথি, কোনো পক্ষই আলোচনায় বসতে আগ্রহী বলে মনে হচ্ছে না।

এর আগে পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবের নিরাপত্তার প্রতি দেশটির অঙ্গীকারের কথা জানানো হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়া ঠেকাতে কূটনৈতিক তৎপরতার কথাও উঠে এসেছে। তবে সৌদি আরব আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে নতুন করে কী ধরনের সহযোগিতা চেয়েছে, তা এ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হুথিদের হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের পক্ষ থেকে ইরানের ওপর হুথিদের হামলা বন্ধে প্রভাব খাটানোর আহ্বান জানানো হচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন