'কুমিরের কান্না বন্ধ করুন', বারোকে আরাঘচি

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোকে কুমিরের কান্না বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফ্রান্সের ঔপনিবেশিক ইতিহাস এবং ইরানে মার্কিন হামলায় স্কুলশিশু নিহত হওয়ার ঘটনায় প্যারিসের অবস্থান তুলে ধরে বারোর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, কুমিরের কান্না বন্ধ করুন। এরপর তিনি ইরানি স্কুলশিশুদের যুক্তরাষ্ট্র হত্যা করার সময় বারোর নীরবতার প্রসঙ্গ তুলে ধরেন।

আরাঘচি বলেন, ইরানি শিশুদের হত্যার ঘটনায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর নীরবতাই তার অবস্থান সম্পর্কে অনেক কিছু বলে দিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বার্তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

একই পোস্টে ফ্রান্সের ঔপনিবেশিক ইতিহাসেরও সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ করে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় ফরাসি বাহিনীর হাতে বিপুলসংখ্যক আলজেরীয় নিহত হওয়ার বিষয়টি সামনে এনে ফরাসি বক্তব্যের দ্বিমুখী অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি