মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনায় বসার আগে ৭টি সুনির্দিষ্ট শর্ত দিয়েছে ইরান। দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা প্রধান ও প্রভাবশালী নেতা মহসিন রেজাই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ওয়াশিংটনের উদ্দেশ্যে তেহরানের এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
পোস্টে রেজাই উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে নিজেদের তৈরি ফাঁদ থেকে রেহাই পেতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের মৌলিক অধিকার ও শর্তগুলো মেনে নিতেই হবে। অন্যথায় এই সংকট থেকে আমেরিকার বেরিয়ে আসার আর কোনো পথ খোলা নেই বলেও তিনি সতর্ক করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মহসিন রেজাই জানান, কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে হোয়াইট হাউসের কাছে ইতোমধ্যেই তেহরানের শর্তসমূহ পৌঁছে দেয়া হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌঅবরোধ প্রত্যাহার।