হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ এএম

'ভুয়া খবর' প্রকাশের অভিযোগে সিএনএন, এমএসএনবিসি এবং পলিটিকোর ওপর হোয়াইট হাউসে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এসব সংবাদমাধ্যম নিয়মিতভাবে তার প্রশাসন সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

অভিযোগ তুলে ট্রাম্প আরও জানান, বাইডেন প্রশাসনের সময় পলিটিকোকে টিকিয়ে রাখতে সরকারি তহবিল থেকে প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন কেনা হয়েছিল, যা এক ধরনের দুর্নীতি।

সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ওভাল অফিসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের সত্য জানার অধিকার রয়েছে এবং গণমাধ্যমকে অবশ্যই সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে।

তবে সংবাদ পরিবেশনের মান ও সত্যতা সংশোধন করলে এসব প্রতিষ্ঠানকে পুনরায় হোয়াইট হাউসে স্বাগত জানানো হবে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সিএনএন এক বিবৃতিতে বলেছে, সরকারের বাধা ছাড়া স্বাধীনভাবে কাজ করা তাদের সাংবিধানিক অধিকার এবং এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি।

তথ্যসূত্র: বার্তা সংস্থা আনাদোলু

এইচএন
আরও পড়ুন