জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ইরানের অবস্থান তুলে ধরবেন তিনি। বিশেষ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ নিয়ে তেহরানের অবস্থান জাতিসংঘের মঞ্চে তুলে ধরার কথা রয়েছে তাঁর।

নিউইয়র্ক সফরে পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই সঙ্গে অধিবেশনের ফাঁকে কয়েকটি দেশের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় করবেন ইরানি প্রেসিডেন্ট। এসব বৈঠকে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা ও পরামর্শের সুযোগ তৈরি হবে বলে মেহর নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।

পেজেশকিয়ানের সফরসঙ্গী হিসেবে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল থাকবে। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের ৮১তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’ প্রতিপাদ্যে।

নিউইয়র্কে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। অধিবেশনে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এবারের সাধারণ পরিষদের আলোচ্যসূচিতে জলবায়ু কার্যক্রম, উন্নয়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মহামারি মোকাবিলায় প্রস্তুতির মতো বৈশ্বিক বিষয়গুলোও রয়েছে। এসব ইস্যুতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে অধিবেশনের বিভিন্ন পর্যায়ে।

ইরানের প্রেসিডেন্টের নিউইয়র্ক সফরে সাধারণ পরিষদের আনুষ্ঠানিক অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও পরামর্শ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এসব বৈঠকের বিস্তারিত কর্মসূচি এখনো প্রকাশ করা হয়নি। সূত্র: মেহর নিউজ এজেন্সি